শিখে কাজ করা, কাজে শেখা’ মডেলে আধুনিক বৃত্তিমূলক শিক্ষা বিস্তার

চলতি বছর চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী; ‘চীন-রাশিয়া সৌহার্দ্য ও সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী; এবং ‘চীন-রাশিয়া শিক্ষাবর্ষ’ উদ্বোধনের বছর। বৃত্তিমূলক শিক্ষা খাতে সহযোগিতা চীন-রাশিয়া শিক্ষা-সহযোগিতার অন্যতম প্রধান অংশ। ২০২৫ সালে, চীন ও রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো যৌথভাবে মস্কোতে লুবান ওয়ার্কশপ উদ্বোধন করে, যা বিশ্বের প্রথম লুবান ওয়ার্কশপ যেখানে পেশাগত প্রশিক্ষণে ৫জি প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি চীন-রাশিয়া বৃত্তিমূলক শিক্ষা সহযোগিতাকে ডিজিটাল-চালিত ও মান-সংযুক্ত নতুন পর্যায়ে পৌঁছে দেওয়ার সূচনা করে।

উদ্বোধনের পর থেকে, রাশিয়ার লুবান ওয়ার্কশপ হাজার হাজার রুশ যুবককে প্রশিক্ষণ দিয়েছে। ইভান রোগাচ রাশিয়ার লুবান ওয়ার্কশপের একজন সহকারী শিক্ষক। ২০২৫ সালের জুনে ওয়ার্কশপ উদ্বোধনের পর থেকে তিনি এখানে কাজ করছেন এবং প্রধানত ইন্টারনেট অফ থিংস-বিষয়ক শিক্ষাদানের সাথে জড়িত আছেন।

মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেটিক্স, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অনুষদের সহকারী শিক্ষক ইভান রোগাচ বলেন: “আমরা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিই, পেশাদার প্রশিক্ষণ সরঞ্জামের সাথে পরিচিত করি। শিক্ষার্থীরা স্নাতক হওয়ার পর এই সরঞ্জামগুলোর সংস্পর্শে আসবে, তাই আমরা তাদের আগেই পরিচিত করে তুলি, ভবিষ্যতের কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করি।”

মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেটিক্স, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী আলেকজান্ডার সেলিভ বলেন: “এখানে বিভিন্ন পেশাদার সরঞ্জাম ও যন্ত্রপাতির সংস্পর্শে আসতে পেরে আমি খুব আনন্দিত। এগুলো আমার ভবিষ্যতের কাজে ব্যবহৃত হবে। এখানে অর্জিত দক্ষতা ভবিষ্যতে পেশাগত জীবনে অত্যন্ত সহায়ক হবে।”
পেশাগত প্রশিক্ষণে ৫জি প্রযুক্তি চালু করা বিশ্বের প্রথম লুবান ওয়ার্কশপ হিসেবে, চীনের যৌথ প্রতিষ্ঠানের সহায়তায় রাশিয়ার লুবান ওয়ার্কশপ ৫জি যোগাযোগের সম্পূর্ণ দৃশ্যপট এক থেকে এক প্রতিলিপি করেছে, সম্পূর্ণরূপে চীনা প্রযুক্তি ও চীনা মানের চীনে তৈরি ৫জি সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। চীন ও রাশিয়ার দল যৌথভাবে ৫জি মূল কোর্সের ইংরেজি পাঠ্যপুস্তক ও প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছে, যা বর্তমানে ওয়ার্কশপের শিক্ষাব্যবস্থায় গভীরভাবে অন্তর্ভুক্ত।

বাস্তব শিল্প দৃশ্যপটের অনুকরণে, শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারের মতো সমস্যা চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও সমাধান করতে পারে। এই ‘শিখে কাজ করা, কাজে শেখা’ মডেল শিক্ষাকে শিল্পের চাহিদার আরও কাছাকাছি নিয়ে যায়, আরও দূরদর্শী ও উদ্ভাবনী করে তোলে।

মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেটিক্স, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী অধ্যাপক মিখাইল স্টেপানভ বলেন: “চীনের প্রযুক্তিগত নেতৃত্ব মূলত ‘ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস ইনোভেশন প্রজেক্ট’ শিক্ষা মডেলের ব্যবহারিক প্রয়োগের কারণে। তাদের লক্ষ্য, শিক্ষার্থীদের স্নাতক শেষে সরাসরি বড় কোম্পানিতে প্রবেশ করে দক্ষতার সাথে কাজ করতে সক্ষম করা।” যৌথ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনলাইন ভিডিও কনফারেন্স একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়েছে। থিয়ানচিন ইলেকট্রনিক ইনফরমেটিভ টেকনোলজি ভোকেশনাল কলেজের শিক্ষকরা নিয়মিতভাবে মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেটিক্সের সহকর্মীদের জন্য কোর্সের রূপরেখা, শিক্ষাদান পদ্ধতি, ইত্যাদি তথ্য-সহায়তা প্রদান করেন।

থিয়ানচিন ইলেকট্রনিক ইনফরমেটিভ টেকনোলজি ভোকেশনাল কলেজের নেটওয়ার্ক কমিউনিকেশন অনুষদের ডিন ছুই পাও ছাই বলেন: “আমরা আশা করি, এই উচ্চমানের চীনা বৃত্তিমূলক শিক্ষার পেশাগত মান ও শিক্ষাসম্পদ রাশিয়ার শিক্ষা-সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারব। এটি শুধু শিক্ষা-সহযোগিতা নয়, একইসঙ্গে দুই দেশের শিল্প উন্নয়নে সেবা প্রদান ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

রুশ শিক্ষকরাও আন্তর্জাতিক বিনিময় প্রকল্পের মাধ্যমে চীনে এসে প্রশিক্ষণ নেন এবং চীনা সহকর্মীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন। এ বছর, রাশিয়ার লুবান ওয়ার্কশপের শিক্ষার্থীরা ‘চীন-রাশিয়া শিক্ষাবর্ষ’-র আওতায়, চীনে গ্রীষ্মকালীন স্কুলে অংশগ্রহণ করবে এবং বিশ্ব বৃত্তিমূলক কলেজ দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ভলগা নদী ও বোহাই সাগরের মাঝে সেতুবন্ধন রচনা করেছে মস্কোভিত্তিক এই লুবান ওয়ার্কশপ, যা চীন-রাশিয়া ডিজিটাল প্রযুক্তি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

সূত্র: স্বর্ণা-আলিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

Related posts

চীন-সার্বিয়া সম্পর্কের কৌশলগত গভীরতা ফুটে উঠল বেলগ্রেডের অনুষ্ঠানে

পুতিন-সি বৈঠকে আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক স্থিতিশীলতায় গুরুত্ব

স্মার্ট কাস্টমস ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ এপেকের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments